ওয়েব ডেস্ক; ৮ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি মাসের বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১১০তম পর্বে প্রথমবারের ভোটদাতা সহ দেশের যুব সম্প্রদায়কে ‘মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে’ প্রচারাভিযানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। আগামী নির্বাচনে তাঁদের ভোটদানের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়কে সক্রিয়ভাবে এই প্রচারাভিযানে যুক্ত হতে হবে এবং অন্যদেরও এতে সামিল হতে উৎসাহিত করতে হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের প্রথম সারির বিএড কলেজ – বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ-এর ছাত্রছাত্রীরা ৬ মার্চ এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। ‘মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে’ – এই ভাবনায় তৈরি বিভিন্ন পোস্টার নিয়ে তাঁরা প্রচারাভিযানের জন্য নির্মিত সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে নিজেরাও গাইলেন গানটি। কলেজে একটি সেলফি পয়েন্ট তৈরি করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা সেলফি অর্থাৎ নিজস্বী তুলে আগামী নির্বাচনে বিপুল সংখ্যায় যুবক-যুবতীরা যাতে ভোট দিতে এগিয়ে আসেন, তার জন্য তাঁরা উৎসাহিত করেন।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর গত ২৭ ফেব্রুয়ারি ‘মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে’ প্রচারাভিযানে যোগদানের জন্য নাগরিকদের উদ্দেশে আহ্বান জানান। তরুণ ভোটারদের তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য। শ্রী ঠাকুর ‘মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে’ প্রচারাভিযানের জন্য তৈরি একটি গান সামাজিক মাধ্যম এক্স-এও সকলের সঙ্গে ভাগ করে নেন।
