ওয়েব ডেস্ক; ১৭ মার্চ: দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার অন্যতম ব্যস্ত জায়গার নাম কুঁদঘাট, যার পাশে রয়েছে ‘নেতাজি মেট্রো স্টেশন’। এর পাশে রয়েছে কুদঘাট বাজারের এবং ব্রিজ যা পূর্ব পুটিয়ারি থেকে কুঁদঘাট বাসস্ট্যান্ডের দিকে মানুষকে যেতে সাহায্য করে।
ব্রিজটি মূলত চারটি রাস্তার সংযোগস্থলে রয়েছে। পূর্ব দিক থেকে যে রাস্তাটি আসছে সেটি গড়িয়া থেকে খালপাড় হয়ে, পশ্চিম দিক থেকে যেটি আসছে সেটি পশ্চিম পুটিয়ারী হয়ে কুঁদঘাট বাজারের কিছু অংশ হয়ে, উত্তর দিক থেকে আসা রাস্তাটি কুঁদঘাট বাস স্ট্যান্ড থেকে এবং দক্ষিণ দিক থেকে (১১৪ নম্বর ওয়ার্ড) গঙ্গাপুরী হয়ে একটি রাস্তা ব্রিজে মিলছে।
ব্রিজটি দৈর্ঘ্য এবং প্রস্থে ছোট থাকলেও বর্তমানে সরকারের উন্নয়ন প্রকল্পে দৈর্ঘ্য এবং প্রস্থে বড় হয়েছে। এই গুরুত্বপূর্ণ ব্রিজে প্রায় দিনই যানজট সৃষ্টি হচ্ছে । কারণ চার দিক থেকে আসা গাড়িগুলি নিজের গন্তব্যের দিকে যখন যাচ্ছে তখন ঠিক উল্টো দিক থেকে আসা গাড়ির সম্মুখীন হচ্ছে। এর ফলে কোন গাড়ি নিজের সঠিক রাস্তায় যেতে পারছে না।
কিছু কিছু সময় ব্রিজের গোড়ায় পুলিশ কর্মী মোতায়েন থাকলেও বেশিরভাগ দিনে সেখানে পুলিশ কর্মীকে দেখা যায় না । এর খেসারত দিতে হচ্ছে এখান থেকে যাতায়াত করা সাধারণ মানুষের। যানজটের ফলে কিছু কিছু সময় দুই গাড়ির চালকের মধ্যে বাঁধছে বচসা এবং চারটি রাস্তাতেই গাড়ির লাইন পড়ে যাচ্ছে।
এক নিত্য যাত্রীর কথায় আগে এখানে সকাল এবং সন্ধ্যেবেলা ব্যস্ত সময়ে পুলিশকর্মীর দেখা পাওয়া যেত কিন্তু বহুদিন হলো এখানে পুলিশ কর্মীর দেখা পাওয়া যায় না।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এই যানজটের ফলে যে কোন সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
