ওয়েব ডেস্ক; ২৭ মার্চ : সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি), কলকাতা বুধবার প্রথমবারের ভোটদাতাদের জন্য এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এর সহায়তায় ছিল ভারতের নির্বাচন কমিশন। সল্টলেক সিজিও কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালায় আসন্ন সাধারণ নির্বাচন, ২০২৪-কে নজরে রেখে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী মূল ভাষণ দেন। এছাড়া, উপ-নির্বাচনী আধিকারিক এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। কলকাতার ছ’টি কলেজের পড়ুয়ারা ছাড়াও বিধাননগর সরকারি মহাবিদ্যালয়, ডিরোজিও মেমোরিয়াল মহাবিদ্যালয়, সরোজিনী নাইডু মহিলা মহাবিদ্যালয়, সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়, সারদা বিদ্যা ভবন এবং মহারাজা মণীন্দ্র চন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়ারা এই কর্মশালায় অংশ নেন।

নিয়োগী প্রথমবারের ভোটদাতাদের তাঁদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বলেন। নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কেও তাঁদের অবগত করেন। নির্বাচন কমিশন ভোটদাতাদের সচেতন করতে ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানাতে যে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে, সে সম্পর্কে জানান। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের সামাজিক মাধ্যমের ভূমিকা সম্পর্কেও তিনি আলোচনা করেন।

প্রথমবারের ভোটদাতাদের সঙ্গে আলাপচারিতায় উপ-নির্বাচনী আধিকারিক সুব্রত পাল আসন্ন নির্বাচন সম্পর্কে মতবিনিময় করেন। ‘সক্ষম’ অ্যাপ-এর বিভিন্ন দিকের বিষয়ে আলোকপাত করেন। নির্বাচনী প্রক্রিয়ায় দিব্যাঙ্গজনেদের অংশগ্রহণ সহজ করে তুলতে এই অ্যাপ আনা হয়েছে। এছাড়া, প্রবীণ নাগরিকদের ভোটদান নিশ্চিত করতেও নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে।

উভয় নির্বাচনী আধিকারিক নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সিবিসি-র নির্দেশক পার্থ ঘোষ অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি ভোটদানের অধিকারীর গুরুত্ব এবং সজ্ঞানে ভোটদানের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

কর্মশালায় প্রথমবারের ভোটদাতা ও দিব্যাঙ্গজনেদের উৎসাহ দিতে নির্বাচন কমিশনের একটি দৃশ্য-শ্রাব্য উপস্থাপনা প্রদর্শিত হয়। এই প্রথম কলকাতায় এটি দেখানো হল। ভারতের নির্বাচন সম্পর্কে একটি ক্যুইজ প্রতিযোগিতাও আয়োজিত হয়। দেখানো হয় ম্যাজিক শো।
সূত্র: পি আই বি