ওয়েব ডেস্ক; ২৯ মার্চ : গত ১৫ বছর ধরে নারীদের ক্ষমতায়নের জন্য অনবরত কাজ করে চলেছে ইউনিক অর্গানাইজেশন ফর হিউম্যান অ্যাওয়ারনেস এন্ড ওয়েলফেয়ার । দক্ষিণ ২৪ পরগনা থেকে এদের জন্ম হলেও, সুদূর পাহাড় পর্যন্ত এই সংস্থা মানুষের কল্যাণে কাজ করে চলেছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কালিকাপুর দীঘির বাগান ন্যাচার ক্যাম্পে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল তারা। সহযোগিতায় ছিল ডা. আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং কলকাতার সিএমআরআই হসপিটাল।
মহিলা এবং পুরুষ উভয়েরই সুগার, প্রেসার, ইসিজি, ক্যালসিয়াম ইত্যাদি বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা ছিল এখানে।
ইউনিক অর্গানাইজেশন ফর হিউম্যান অ্যাওয়ারনেস এন্ড ওয়েলফেয়ার – এর প্রতিষ্ঠাতা শুভ্রা মুখার্জি বলেন, “আমরা প্রায়শই এলাকার বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে বিনামূলের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করি। শুধু তাই নয় গ্রামের দুস্থ মহিলাদের নিয়ে বিভিন্ন হাতের কাজ শেখানোর কর্মশালা করা হয়। এই উদ্যোগে আমার সাথে আমার দুই সহযোদ্ধা সোমনাথ মুখার্জি এবং যূথিকা মুখার্জি ও সব সময় থাকেন।”

ডা. আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি বলেন, ” আমাদের সংস্থার তরফ থেকে বছরের বিভিন্ন সময়ও বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক ক্যাম্প আয়োজন করা হয়। শুভ্রা দেবীর যে সংস্থা তাদের সঙ্গে আমাদের মিলিত এই উদ্যোগ প্রথমবার। কিন্তু এই উদ্যোগকে আমরা আগামী দিনে আরো সুদূরপ্রসারী করতে চাই। “

এই বিনামূলের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সিএমআরআই হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভ্র দত্ত, প্রভঞ্জন ব্যানার্জি। এদিন এই অঞ্চলের প্রায় ৬০ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করেন।

স্থানীয় এলাকাবাসীর কথায় তাদের প্রিয় শুভ্রাদি কিন্তু সমস্ত রকম জনকল্যাণমূলক কাজে এলাকায় এগিয়ে থাকেন। কারোর যেকোনো সমস্যার সমাধান রয়েছে তাদের প্রিয় শুভ্রাদির কাছে।