ওয়েব ডেস্ক ; ২৩ এপ্রিল : আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্রে ঐদিন ভোট গ্রহণ হবে। মোট সাতচল্লিশ জন প্রার্থী এই তিনটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর প্রার্থীদের স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করেছে।
এই বিশ্লেষণ অনুসারে ৪৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী অর্থাৎ ২৬ শতাংশের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি। এই দফায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ১.৮৮ কোটি টাকা।
তিনজন প্রার্থী এই দফায় রয়েছেন যারা উচ্চ সম্পদশীল বা বিত্তবান। যেমন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৭ কোটি টাকার বেশি। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী কৃষ্ণ। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১২ কোটি টাকার বেশি। পাঁচ কোটি টাকার বেশি মোট সম্পদের পরিমাণ রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এর।
আবার অন্যদিকে এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করা দার্জিলিং লোকসভা কেন্দ্রের কিষান মজুদুর সংঘর্ষ পার্টির প্রার্থী অতসী বিশ্বাস তার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার টাকার বেশি ঘোষণা করেছেন।
হলফনামা অনুযায়ী ২৫ জন প্রার্থী অর্থাৎ ৫৩ শতাংশ প্রার্থী জানিয়েছেন যে তাদের উচ্চ দায় বা লাইবেলিটিজ রয়েছে।
