ওয়েব ডেস্ক; ২০ মে : ২০২৪-এর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮৯ জন প্রার্থী। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের ৩ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অনন্তনাগ-রাজৌরির ২০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যাও অন্তর্ভুক্ত।
ষষ্ঠ পর্যায়ে ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য মোট ১,৯৭৮টি মনোনয়ন জমা পড়েছিল। এই পর্যায়ে মনোনয়ন পেশের শেষদিন ছিল গত ৬ মে। সবক’টি মনোনয়ন পরীক্ষা করে ৯০০টিকে বৈধ বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, ৩ নম্বর অনন্তনাগ-রাজৌরি ভোটগ্রহণ কেন্দ্রটির জন্য মোট ২৮টি মনোনয়নের মধ্যে তৃতীয় পর্যায়ে ২১টি মনোনয়নকে বৈধ বলে গণ্য করা হয়।
ষষ্ঠ পর্যায়ে উত্তরপ্রদেশের ১৪টি সংসদীয় নির্বাচন ক্ষেত্রের জন্য সর্বাধিক ৪৭০টি মনোনয়নপত্র জমা পড়ে। হরিয়ানার ১০টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য জমা পড়ে ৩৭০টি মনোনয়ন। আবার, ঝাড়খণ্ডের ৮ নম্বর রাঁচি সংসদীয় নির্বাচন ক্ষেত্রে দাখিল করা মনোনয়নের সংখ্যা ছিল ৭০টি। অন্যদিকে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির ২ নম্বর উত্তর-পূর্ব দিল্লি ভোটগ্রহণ কেন্দ্রটির জন্য ৬৯টি মনোনয়নপত্র জমা পড়ে। ষষ্ঠ পর্যায়ের নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র পিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গড় সংখ্যা হল ১৫।
