ওয়েব ডেস্ক ; ২৭ মে : ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (সিসিআরএএস) ২৮ মে, ২০২৪-এ নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে ‘ফার্মা রিসার্চ ইন আয়ুর্জ্ঞান অ্যান্ড টেকনো ইনোভেশন (প্রগতি-২০২৪)’-র আয়োজন করছে। এই আলোচনা সভায় আলোকপাত করা হবে গবেষণার নানা দিক এবং সিসিআরএএস ও আয়ুর্বেদ ঔষধ শিল্পের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর।
এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা। আয়ুর্বেদের উন্নয়নে শিল্পের ভূমিকা নিয়ে তিনি মূল বক্তব্যটি রাখবেন। যুগ্ম সচিব শ্রীমতী কবিতা গর্গ এবং আয়ুষ মন্ত্রকের উপদেষ্টা ডঃ কৌস্তভ উপাধ্যায়ও অনুষ্ঠানে অংশ নেবেন।
সিসিআরএএস-এর মহানির্দেশক অধ্যাপক বৈদ্য রবিনারায়ণ আচার্য আলোচনাসভায় পৌরোহিত্য করবেন। জোর দেওয়া হবে গবেষণা, নিরাপদ গুণমান এবং কার্যকরী আয়ুর্বেদ পণ্যের ওপর। এই আলোচনাসভার লক্ষ্য আয়ুর্বেদ বিষয়ক সকল পক্ষের সম্ভাবনা বৃদ্ধি করা ও গবেষক এবং আয়ুর্বেদ ঔষধ শিল্পের মধ্যে সম্পর্ক স্থাপন করা।
এই আলোচনাচক্রের প্রাথমিক উদ্দেশ্য :
১. সিসিআরএএস-এর গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার।
২. গুণমান নিয়ন্ত্রণ, ঔষধের সাধারণীকরণ, ঔষধের উন্নতি এবং তার বৈধতা নিয়ে সমন্বিত গবেষণার জন্য শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন।
৩. যাদের নিজস্ব গবেষণাগার আছে এমন শিল্প অংশীদারদের চিহ্নিতকরণ।
৪. ঔষধ প্রস্তুত এবং পণ্যের উন্নয়নে গবেষণার জন্য ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ-সুবিধার খোঁজ।
৫. স্টার্ট-আপ এবং ইনকিউবেশন সেন্টার তৈরি করতে আয়ুর্বেদ পেশাদারদের সহায়তা করা। আয়ুর্বেদিক ঔষধ শিল্পে উদ্যোগীদের পৃষ্ঠপোষকতা করা।
আলোচনা সভা হবে চারটি পর্বে।
