ওয়েব ডেস্ক ; ৩ জুন : যাত্রীসুবিধার্থে ও চলাফেরায় স্বাচ্ছন্দ আনতে প্লাটফর্মে দখল করে বসে থাকা ৩৫ টি বেআইনি দোকানকে (এর মধ্যে ১৬ টি ষ্টল এবং ১৯ টি ট্রলী) উচ্ছেদ করলো পূর্ব রেল। এই উচ্ছেদ অভিযান বর্ধমান স্টেশনে করা হয় সোমবার (০৩/০৬/২০২৪) ভোর রাতে। বেআইনি দোকানগুলিকে তাদের দখলদারি ত্যাগ করার জন্য আগেই নোটিশ দিয়েছিল পূর্ব রেল। কিন্তু এরা এদের দখলদারি বজায় রেখে যাত্রীদের অসুবিধা সৃষ্টি করেই চলেছিল। বর্ধমান একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। অগণিত মেল্/এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের জংশন পয়েন্ট বলা যেতে পারে। অগুনতি রেলযাত্রী প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন প্রশস্ত প্লাটফর্মকে অপরিসর করে তোলা এই বেআইনি দোকানগুলির জন্য। এমনকি এই বেআইনি বিক্রেতারা ১নং প্লাটফর্মের রিফ্রেশমেন্ট রুমটিকেও দখল করে নিয়েছিলেন। এসমস্ত অবৈধ দখলদারদের স্টেশন প্লাটফর্ম থেকে উচ্ছেদ করে বর্ধমান স্টেশনের প্লাটফর্মকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
এব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীস্বাচ্ছন্দ বৃদ্ধির জন্য প্লাটফর্ম অবৈধ দখলদারিমুক্ত করতে পূর্বরেল বদ্ধপরিকর। যাত্রীদের কাছে আরও অনুরোধ যে, এজাতীয় দখলদারির প্রতিবাদ করুন যাতে আপনাদের যাতায়াত ও স্বাচ্ছন্দে ব্যাঘাত না ঘটে।
