ওয়েব ডেস্ক ; ৯ জুন : শিয়ালদহ মেন সেকশনে ১২ কোচের EMU ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের অতি আবশ্যকতায় গত শুক্রবার থেকে আজ রবিবার দুপুর দুটো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই কাজ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে দু’ঘণ্টা পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে ফলে আজ রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদহ মেন সেকশনের ১ থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্লাটফর্মে EMU ট্রেন পরিচালনা শুরু হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে পূর্ব রেলের স্টাফ ও অফিসার মিলিয়ে প্রায় ৪০০ জন কর্মীর দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ১ থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্লাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোন কোন ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।