ওয়েব ডেস্ক ; ২০ জুলাই : ব্যাংকের রাষ্ট্রীয়করণের ৫৫ তম বার্ষিকী উদযাপন করলো অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন পশ্চিমবঙ্গ শাখা। রক্তদান শিবির, বৃক্ষরোপণ, হকারদের ছাতা বিতরণ থেকে শুরু করে জনসাধারণ এবং ব্যাংকের গ্রাহকদের হাতে রাখি পরিয়ে দিনটি ভালোভাবেই শুরু হলো। এরপরে সন্ধ্যার দিকে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে পথসভার আয়োজন করেছিল সংস্থা। উপস্থিত ছিলেন এআইবিওসি এর রাজ্য সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়, সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জি, সঞ্জয় দাস সহ অন্যান্যরা।

উক্ত সভায় ব্যাংক বেসরকারিকরণ নিয়ে বক্তব্য ফুটে ওঠে সকলের মুখে। এছাড়া আগামী বাজেটের সময় ব্যাংক সংযুক্তিকরণ নিয়ে একটি আশঙ্কা উঠে আসে তাদের ভাষণে। তবে ব্যাংক সংযুক্তিকরণ কিংবা বেসরকারি করণ কোনোভাবেই বরদাস্ত করা হবেনা বলে জানান বক্তারা। তাদের কথায়, ” সরকারি ব্যাঙ্কে থাকা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ পুরোপুরি সুরক্ষিত, কিন্তু বেসরকারি ক্ষেত্রে সেটি কোনো ভাবেই নয়। মহামারী কালে সরকারি ব্যাঙ্ক কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সরকারের সব প্রকল্প বাস্তবায়ন করে একমাত্র সরকারি ব্যাংক।” এই যুদ্ধে যে সাধারণ মানুষও তাদের পাশে আছে সেটা জানিয়ে দেন তারা।

সংযুক্তিকরণ না করে ব্যাংকের শাখা বাড়ানোর দাবিও তারা তোলেন। এছাড়া কর্মী নিয়োগ ছিল তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ।