শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ জুলাই, কলকাতা:
বর্ষা শুরু হয়েছে সারা দেশ জুড়ে। অবশ্যই আমাদের প্রিয় শহর কলকাতাতেও বর্ষা হবে এটাই স্বাভাবিক।

এটাও স্বাভাবিক যে বর্ষার সাথে সাথে ডেঙ্গু-ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগ ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায়। কলকাতা পৌরসভা থেকে বারবার করে বলা হচ্ছে যাতে জল জমে মশার জন্ম না হয়।

কিন্তু কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে অর্থাৎ রাজভবন পূর্ব দিকের গেটের বিপরীতে যেটি কার্জন পার্ক বলে পরিচিত, সেখানে জায়গায় জায়গায় জমে রয়েছে কালো জল। কে পরিষ্কার করবে, এখানকার মশা কোন কোন মানুষকে কিভাবে ডেঙ্গুতে প্রভাবিত করবে তার উত্তর নেই কারো কাছে।

কিন্তু সতর্কতামূলক প্রচার জারি রয়েছে, জারি হয়েছে মশার তেল ছড়ানো। কিন্তু যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে জমা জল যাতে বের করে দেওয়া যায়, জল যাতে জমে না থাকে তার ব্যবস্থা করা। যারা করবেন সেই পুর কর্তৃপক্ষ হয়তো এই জায়গাগুলোকে নজর দিতে পারছেন না। ফলে সকলের অজান্তেই শহর কলকাতায় কোনো কোনো জায়গায় তৈরি হয়ে যাচ্ছে এক ভয়ানক মৃত্যু উপত্যকা।