ওয়েব ডেস্ক ; ৩ আগস্ট : প্যারিস অলিম্পিকে ভারতের আবার পদক জয়। ভারতীয় রেলের স্বপ্নিল কুসালে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টে ভারত এর আগে কখনও পদক জেতেনি। এর ফলে প্যারিস অলিম্পিকে শুটিং-এ ভারতের মোট ৩টি পদক এলো। ফাইনালে গড়ে ৪৫১.৪ পয়েন্ট করে অসাধারণ সাফল্যের নজির গড়েন তিনি। শুরুতে ষষ্ঠ স্থানে থাকা স্বপ্নিল অসাধারণ দক্ষতা এবং অবিচল মানসিকতায় তৃতীয় স্থানে উঠে এসে ব্রোঞ্জ পদক জেতেন। ৫০ মিটার রাইফেল থ্রি পজিসনের এই প্রতিযোগিতায় প্রত্যেক শুটারকে ২০টি শট নিতে হয়। এই সাফল্য কেবলমাত্র ভারতের পদক সংখ্যাই বাড়ালো তা নয়, ভারতীয় শুটিং-এ স্বপ্নিলকে এক অনন্য জায়গা করে দিল। বছরের পর বছর ধরে কঠোর অনুশীলনের পরে তাঁর এই সাফল্য দেশের সম্ভাবনাময় ক্রীড়াবিদদের কাছে স্বপ্নিলকে এক রোলমডেল হিসেবে গড়ে তুলেছে।
মহারাষ্ট্রের কোলাপুর জেলা থেকে আসা স্বপ্নিল কুসালে সেন্ট্রাল রেলওয়ে পুনে ডিভিশনে ২০১৫ সালে টিকিট চেকার হিসেবে যোগ দেন। ২০২৩-এ চীনে এশিয়ান গেমস-এ তিনি স্বর্ণপদক জয় করেন। এছাড়াও ২০২২-এ বাকুতে বিশ্বকাপে এবং ২০২১-এ নতুন দিল্লিতেও তিনি সোনা জিতেছিলেন। এছাড়াও তিনি ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় তিনি রূপো ও ব্রোঞ্জ পদকও জিতেছেন।
ভারতীয় রেল সব সময় ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে আসছে। অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো এবং নমনীয় কাজের সময় হওয়ায় ক্রীড়াবিদরা তাঁদের প্রশিক্ষণের ক্ষেত্রে নানাভাবে উপকৃত হন। স্বপ্নিল কুসালের এই সাফল্যে ভারতীয় রেল গর্বিত। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
