ওয়েব ডেস্ক; ২৫ নভেম্বর : টিকিট কেটে ট্রেন যাত্রার অভ্যাস বাড়ানোর লক্ষ্যে এবং টিকিট সহ ভ্রমণ সম্পর্কে যাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে, জনসংযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ২৩ নভেম্বর দমদম জংশন স্টেশনে বিশেষ প্রচারাভিযান পরিচালনা করেন। এই প্রচারাভিযানটি আরপিএফ কর্মীদের (সিনিয়র ডিএসসি/ শিয়ালদহের নেতৃত্বে) এবং বাণিজ্যিক বিভাগের কর্মীদের (সিনিয়র ডিসিএম/শিয়ালদহের নেতৃত্বে) সহযোগিতায় পরিচালিত হয়। এই প্রচারের মূল লক্ষ্য হল সাধারণ যাত্রীদের মধ্যে ট্রেন টিকিট কেনার অভ্যাস তৈরি করা।
বিশেষ প্রচারাভিযানে জানানো হয় যে, সমান দূরত্বের জন্য রেলযাত্রার ভাড়া সড়ক পরিবহনের তুলনায় অনেক কম। প্রত্যেকেরই রেল টিকিট কেনার সামর্থ্য রয়েছে, যা নিকটবর্তী স্টেশনের জন্য সর্বনিম্ন ₹৫/- টাকা, ও সম্মানের সঙ্গে ভ্রমণের সুযোগ দেয়।
এদিনের প্রচারে সঠিক টিকিট ছাড়া যাত্রী বা টিকিটবিহীন ভ্রমণকারীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়। জনসংযোগ বিভাগের পক্ষ থেকে যাত্রীদের যথাযথ যাত্রার টিকিট নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও লিফলেট বিতরণ এবং যাত্রীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে টিকিট কেটে যাত্রার অভ্যাস গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়।
দমদম জংশনের যাত্রীরা আজকের এই প্রচারাভিযানের প্রশংসা করেন এবং প্রত্যেকের মধ্যে সঠিক টিকিট কেটে ট্রেন যাত্রার অভ্যাস তৈরির জন্য মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, ভারতীয় রেলের মূল লক্ষ্য শুধুমাত্র জরিমানা আরোপ করা নয়, বরং রেল টিকিট কেনার অভ্যাস গড়ে তোলা।
