ওয়েব ডেস্ক ; ৩০ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অরুণাচল প্রদেশে শি ইয়োমি জেলায় ২৪০ মেগাওয়াটের হিও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ১৯৩৯ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ৫০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
২৪০ মেগাওয়াট (৩x৮০ মেগাওয়াট)-এর এই প্রকল্প থেকে ১০০ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। এই বিদ্যুৎ অরুণাচল প্রদেশের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনইইপিসিও) যৌথভাবে এই প্রকল্প রূপায়ণ করবে। সড়ক, সেতু ও বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের জন্য ভারত সরকার ১২৭.২৮ কোটি টাকা বাজেট সহায়তা হিসেবে দেবে। এছাড়া রাজ্যের ইক্যুইটি শেয়ার মূলধনে কেন্দ্রীয় সহায়তা বাবদ দেওয়া হবে ১৩০.৪৩ কোটি টাকা।
এখান থেকে রাজ্য ১২ শতাংশ বিদ্যুৎ বিনামূল্যে পাবে, আরও ১ শতাংশ পাওয়া যাবে স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল বাবদ। এছাড়া এই প্রকল্পের সুবাদে ওই অঞ্চলের পরিকাঠামো ও আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
আত্মনির্ভর ভারত অভিযানের উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকল্প থেকে স্থানীয় ব্যবসায়ী, সরবরাহকারী এবং ক্ষুদ্র ও ছোট সংস্থাগুলি ব্যাপকভাবে উপকৃত হবে। নির্মাণের সময়ে এই প্রকল্পে এনইইপিসিও থেকে ২০০ জন এবং ঠিকাদারদের কাছ থেকে ৪০ জন শ্রমিকের প্রয়োজন হবে। এছাড়া এই প্রকল্পের সুবাদে স্থানীয় মানুষজনের সামনে পরোক্ষ কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পরিবহণ, পর্যটন, ছোট ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ পাবেন সাধারণ মানুষ।
