ওয়েব ডেস্ক; ৪ জানুয়ারি : কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং কলকাতায় আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
(আইসিএআর-এনআইএনএফইটি)-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসে যোগ দেন। আইসিএআর-এনআইএনএফইটি-এর মতো প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করে তিনি বলেন, কৃষকদের আয় বাড়ানোর চাবিকাঠি রয়েছে বিজ্ঞানীদের হাতে এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলি নতুন নতুন ভাবনার মাধ্যমে শিল্পক্ষেত্রকে সমৃদ্ধ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “ভারতের লক্ষ্য হল, ২০৩০ সালের মধ্যে বস্ত্রশিল্পের বাজারকে ৩০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। এক্ষেত্রে পাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” শিল্পের বিভিন্ন ক্ষেত্রে পাটের ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর ভূমিকার কথা তুলে ধরেন শ্রী সিং।
পরে সাংবাদিকদের তিনি জানান, ৭টি প্রধানমন্ত্রী মেগা সুসংহত বস্ত্র অঞ্চল ও পোশাক প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে, যেখানে ২০৩০ সালের মধ্যে ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
এর আগে, তন্তু দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রীর একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
