ওয়েবডেস্ক,৩১ জুলাই, কলকাতা: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন আজ ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ সংক্রান্ত উচ্চ স্তরীয় মন্ত্রী গোষ্ঠীর ১৯তম বৈঠকে পৌরহিত্য করেন। বৈঠকে তিনি জানান, ভারত করোনায় সুস্থতার দিক থেকে ১০ লক্ষের মাইল ফলক অতিক্রম করেছে। এর ফলে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৪.৫৪ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৩.২৭ শতাংশ বা নিশ্চিতভাবে করোনায় আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশ। ভারতে করোনায় মৃত্যু হার নিরন্তর কমছে। বর্তমানে এই হার ২.১৮ শতাংশ, যা বিশ্বের মধ্যে তুলনামূলকভাবে কম। ডঃ হর্ষ বর্ধন আরও জানান, নিশ্চিতভাবে করোনায় আক্রান্তদের মধ্যে মাত্র ০.২৮ শতাংশ রোগী ভেন্টিলেটরে, ১.৬১ শতাংশ রোগী আইসিইউ-তে এবং ২.৩২ শতাংশ রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে আজ পর্যন্ত নমুনা পরীক্ষাগারের সংখ্যা ১ হাজার ৩৩১। দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৬ লক্ষ ৪২ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে ১ কোটি ৮৮ লক্ষ ছাড়িয়েছে।