ওয়েব ডেস্ক ; ১৯ ফেব্রুয়ারি : কয়লা মন্ত্রক কলকাতায় কয়লা খনি নিলাম প্রক্রিয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে তথ্য প্রদানের জন্য সফলভাবে একটি রোড-শো-এর আয়োজন করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রকের সচিব বিক্রম দেবদত্ত এবং অতিরিক্ত সচিব ও মনোনীত কর্তৃপক্ষ রূপিন্দর ব্রার উপস্থিত ছিলেন। রোড-শো-এ কয়লা শিল্পের প্রথম সারির সংস্থাগুলির প্রতিনিধি ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে কয়লা ক্ষেত্রে স্বচ্ছ নীতির মাধ্যমে যেসব উন্নয়নমূলক সংস্কার কার্যকর করা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে জানতে পেরেছেন।
স্বাগত ভাষণে ব্রার জানান, বিনিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ায় কয়লা মন্ত্রক বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা করবে। বিনিয়োগের সময় যাতে বিভিন্ন দপ্তরের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সহজেই পাওয়া যায়, তা নিশ্চিত করা হয়। সহজে ব্যবসা করা নিশ্চিত করতে এবং বিভিন্ন প্রকল্পের অনুমোদন দ্রুত পাওয়ার ক্ষেত্রে মন্ত্রক প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়েছে। কয়লা থেকে গ্যাস উৎপাদন, বিভিন্ন ক্ষেত্রে কয়লার ব্যবহার বাড়ানো, কয়লা উত্তোলনের সময় পরিবেশ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় তা নিশ্চিত করা এবং দক্ষতার সঙ্গে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার বাস্তবায়িত করা হচ্ছে। কয়লা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের অভিজ্ঞতার কথা জানানোর অনুরোধ করেন তিনি।
মূল ভাষণে দেবদত্ত জানান, ভারতের কয়লা সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রক সচেষ্ট হয়েছে। সুস্থায়ী উন্নয়ন, শিল্পের সঙ্গে যুক্ত সকলে যাতে উপকৃত হন তা নিশ্চিত করা, অর্থনৈতিক উন্নতিতে অন্যতম চালিকাশক্তি হিসেবে কয়লা শিল্পকে গড়ে তোলা এবং জ্বালানী সুরক্ষা নিশ্চিত করার মতো বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার হাতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। বিভিন্ন রাজ্য সরকার এবং পরিবেশ ও বন মন্ত্রক সহ অন্যান্য সরকারি দপ্তর ও মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য মন্ত্রক অত্যন্ত সক্রিয়। কয়লা পরিবহণের জন্য রেল মন্ত্রকের সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে যেসব খনির নিলাম করা হবে, সেই প্রক্রিয়ায় পরিবেশ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় এবং খনি অঞ্চলে সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে এই বিষয়গুলি বিবেচনা করা হবে।
কয়লা সচিব বেসরকারি সংস্থাগুলিকে বলেন, খনিশিল্পে শুধুমাত্র বিনিয়োগ করলেই চলবে না, খনিজ অঞ্চলের জনসাধারণের কল্যাণে তাঁদের প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে। “আমাদের উন্নয়ন যাত্রা হবে সর্বাঙ্গীণ এবং এই প্রক্রিয়ায় জনগণ ও পৃথিবীর ওপর যাতে ইতিবাচক প্রভাব পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।” রোড-শো-এ ভবিষ্যতে কয়লা খনির নিলাম প্রক্রিয়া, কয়লা শিল্পে বিনিয়োগের ফলে শিল্প সংস্থাগুলি কতটা লাভবান হবে সে সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক এবং বিনিয়োগকারীদের মধ্যে আলাপ-আলোচনার সুযোগ করে দেওয়া হয় যাতে বিনিয়োগকারীরা ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন সুযোগের সন্ধান পান।
অনুষ্ঠানে কয়লা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলে মতবিনিময়ের সুযোগ পান। তাঁদের সামনে নিলাম প্রক্রিয়া এবং বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বিনিয়োগ-বান্ধব একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে মন্ত্রকের অঙ্গীকার এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
কলকাতায় আয়োজিত এই রোড-শো-এ বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন সুযোগ এবং কয়লা ক্ষেত্রের উন্নয়নে সঙ্গী হওয়ার জন্য মন্ত্রকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপিত করা হয়েছে।
