ওয়েব ডেস্ক; ২৮ এপ্রিল : জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গত ২২ এপ্রিল কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ধর্ম চিহ্নিতকরণের পর সন্ত্রাসবাদীরা ২৮ জন পর্যটককে যেভাবে হত্যা করেছে তার তীব্র নিন্দা করে সমবেদনা প্রকাশ করেছে।

উপত্যকায় ছুটিতে বেড়াতে এসে যেভাবে নিরস্ত্র ও সাধারণ নাগরিকরা আক্রমণের শিকার হয়েছেন, কমিশন তার তীব্র নিন্দা করেছে। কমিশন বলেছে যে এই ঘটনা মানুষের সঙ্গে মানুষের সদ্ভাবনায় বিশ্বাস রাখা প্রত্যেক ব্যক্তির অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে – যা নিহত, আহত ও তাঁদের পরিবারের সদস্যদের মানবাধিকার উলঙ্ঘনের একটি ব্যতিক্রমী ঘটনা।

কমিশন বলেছে যে বিভিন্ন মঞ্চে বারবার বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ বিশ্বে বিবিধ মানবাধিকার উলঙ্ঘনের সবচাইতে বড় কারণগুলির অন্যতম। যারা সন্ত্রাসবাদকে উৎসাহ যোগায় এবং সমর্থন করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং এই আক্রমণের সঠিক প্রত্যুত্তর দেওয়ার সময় এসে গেছে, না হলে এ ধরনের ঘটনা গণতন্ত্রকে সঙ্কুচিত হতে, ধমক, প্রতিশোধ ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব বজায় রাখতে, তাঁদের জীবনে স্বতন্ত্রতা, সাম্য, বন্ধুত্ব এবং পেশার অধিকার সহ বিভিন্ন মানবাধিকারকে গভীরভাবে উলঙ্ঘন করতে পারে।

কমিশন আশা ব্যক্ত করেছে যে রাজ্য সঠিক প্রত্যুত্তর দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে; অপরাধীদের আইনের আওতায় আনবে এবং আক্রান্ত পরিবারগুলিকে যথাসম্ভব সাহায্য প্রদান করবে।