ওয়েব ডেস্ক; ২৯এপ্রিল : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি কলকাতায় জুট হাউসের সংস্কারকৃত নতুন হলের উদ্বোধন করলেন। শহরে জুট হাউসের এই ১৭০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ভবনটি সংস্কার করা হয়েছে। ফলে ভারতের পাট শিল্পের সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী পরিকাঠামোকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্নপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হল।

সিং তাঁর ভাষণে বলেন, জেবিএ হলের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই আনন্দিত। জেবিএ-র চেয়ারম্যান মদন গোপাল তোশনিওয়াল কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জেবিএ-র সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁরা পাটশিল্পের বিভিন্ন জটিলতা সম্পর্কে তাঁকে অবহিত করেন। মূলত কাঁচা পাটের ফসলের উৎপাদন কমে যাওয়া, বাংলাদেশ থেকে অনিয়ন্ত্রিত কাঁচা পাট আমদানি, গুণমানসম্মত কাঁচা পাটের গ্রেডিং না থাকা-সহ পাট শিল্পের সঙ্গে জড়িত সব বিষয় উঠে আসে আজকের আলোচনায়।

সিং মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মান জানিয়ে তাঁদের নিজেদের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান, কারণ কৃষকরা সমৃদ্ধ হলেই একটি দেশ এগিয়ে যায়। তিনি আরও বলেন, কৃষক তথা দেশের স্বার্থে সকলকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জুট বেলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের দীর্ঘদিনের দাবিগুলির বিষয়ে আশ্বস্ত করে বলেন, সেগুলি অবশ্যই পূরণ করা হবে। তিনি রাজ্যে পাট শিল্প, চাষাবাদ এবং পাটজাত পণ্য উৎপাদনের সমস্যা সমাধানে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করার-ও আহ্বান জানান।

অনুষ্ঠানে জুট বেলার্স এসোসিয়েশনের ৭৫ বছরের বেশি বয়সী সদস্যদের সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় পাটচাষিরা কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মান জানানোর সুযোগ পান।

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের যুগ্ম সচিব (ফাইবার) পদ্মিনী সিংলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় জুট বোর্ডের সচিব শশীভূষণ সিং, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এমডি অজয় কুমার জলি, জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী, জুট বেলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মদন গোপাল তোশনিওয়াল, বিহার সরকারের প্রাক্তন রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রী ডঃ দিলীপ কুমার জয়সওয়াল, নীরজ কুলহারি, ডেপুটি জুট কমিশনার, সুশীল পোদ্দার, সিডব্লিউবিটিএ-র সভাপতি,
ললিত কুমার গুপ্তা, কটন কমিশনার, এস রবি গান্ধী, বিএসএফ-এর এডিজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।