ওয়েব ডেস্ক; ২৬ মে মেট্রো রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে তার পরিষেবা ও সুযোগ-সুবিধা উন্নত করতে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করছে। এই ধরনের এক উদ্যোগের অংশ হিসাবে, গ্রিন লাইন-২ এর হাওড়া মেট্রো স্টেশনে ডিজিটাল লকার পরিষেবা উদ্বোধন করা হয়েছে। ২৩ মে মেট্রো রেলওয়ের মহাব্যবস্থাপক পি উদয় কুমার রেড্ডি এই অনন্য স্মার্ট পরিষেবার উদ্বোধন করেন, মেট্রো রেলওয়ের সকল উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে। তিনি জানান, বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আশা প্রকাশ করেন যে যাত্রীরা এই পরিষেবার সদ্ব্যবহার করবেন, কারণ এটি তাদের উপকারে আসবে।

এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা এখন হাওড়া মেট্রো স্টেশনে বিভিন্ন আকারের ব্যাগ ও মালপত্র নিরাপদে একটি নির্ধারিত মূল্যে লকারে রেখে অন্য জরুরি কাজ করতে পারবেন বা অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

যে কোনো যাত্রী দিনে সর্বাধিক ১২ ঘণ্টার জন্য এই স্মার্ট ডিজিটাল লকার পরিষেবা হাওড়া মেট্রো স্টেশনে ভাড়া নিতে পারবেন। এই ধরনের ডিজিটাল লকার পরিষেবা শীঘ্রই দক্ষিণেশ্বর, শিয়ালদহ, পার্ক স্ট্রিট, মহানায়ক উত্তম কুমার এবং এসপ্ল্যানেড স্টেশনে চালু করা হবে।

অন্য একটি অনন্য উদ্যোগ হিসেবে, ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে রিল্যাক্সেশন চেয়ার পরিষেবা চালু হয়েছে। মেট্রো রেলওয়ের মহাব্যবস্থাপক পি উদয় কুমার রেড্ডি যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবার উদ্বোধন করেছেন। তিনি বলেন, এই পরিষেবা যাত্রীদের ক্লান্তি দূর করতে এবং স্নায়ুর চাপ লাঘব করতে সাহায্য করবে এবং যাতায়াতের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তুলবে। এই ধরনের রিল্যাক্সেশন চেয়ার পরিষেবা শীঘ্রই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও চালু করা হবে।

উল্লেখযোগ্য যে, সুলভ মূল্যে গুণমান সম্পন্ন ওষুধ সরবরাহের লক্ষ্যে, মেট্রো রেলওয়ে ইতিমধ্যেই নেতাজি, দক্ষিণেশ্বর ও শিয়ালদহ স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (PMBJK) চালু করেছে। খুব শীঘ্রই কমলা লাইনের কবি সুভাষ স্টেশনে আরও একটি কেন্দ্র খোলা হবে। যাত্রীদের জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে ব্র্যান্ডেড ফুড আউটলেটও খোলা হবে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এই ধরনের আউটলেট খোলার জন্য চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও, যাত্রীদের দৈনন্দিন গৃহস্থালির প্রয়োজনীয় সব ধরনের পণ্য কেনার সুযোগ করে দিতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একটি মাল্টি শপিং আর্কেড খুব শীঘ্রই খোলা হবে। এই আর্কেড খোলার জন্য চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।