ওয়েব ডেস্ক; ২৮ মে: ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং এক সুদৃঢ় দেশীয় বিমান শিল্প পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিল্প মহলের অংশীদারিত্বে অত্যাধুনিক মাঝারি পাল্লার যুদ্ধ বিমান কর্মসূচি (এএমসিএ) বাস্তবায়নের মডেল অনুমোদন করেছেন। শিল্প মহলের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব পেয়েছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)।
এই মডেলে প্রতিযোগিতার ভিত্তিতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রকেই সমান সুযোগ দেওয়ার সংস্থান রয়েছে। তারা স্বাধীনভাবে অথবা যৌথভাবে বা কনসোর্টিয়ামের ভিত্তিতে নিজেদের দরপত্র পেশ করতে পারে। তবে, দরপত্রের প্রস্তাবককে অবশ্যই দেশের আইন ও বিধিনিয়ম মেনে চলা কোনও ভারতীয় কোম্পানী হতে হবে।
মাঝারি পাল্লার অত্যাধুনিক যুদ্ধ বিমান নির্মাণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি, সক্ষমতা ও বিশেষ জ্ঞানকে কাজে লাগানোর লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিমান ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের পথে এটি এক উল্লেখযোগ্য মাইলফলক।
অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করবে।
