ওয়েব ডেস্ক; ২৮ মে: কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম বলেছেন, দেশে আদিবাসী উন্নয়নে যাবতীয় সুযোগের সদ্ব্যবহার করা হবে। নতুন দিল্লিতে আজ তাঁর সরকারি বাসভবনে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন আদিবাসীদের উন্নয়নে ফাঁক পূরণে সার্বিক ব্যবস্থা গ্রহন করছে তাঁর মন্ত্রক। তিনি বলেন, ভগবান বীরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপনকে জনজাতীয় গৌবর বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আদিবাসী কল্যাণ মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১৫ নভেম্বর ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্ষব্যাপী এই উদযাপন অনুষ্ঠানে আদিবাসী নেতৃত্বের অবদান এবং দেশ গঠনে ও ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, ১৮ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫টি বিলুপ্তপ্রায় আদিবাসী গোষ্ঠী (পিভিটিজি)-র সামগ্রিক উন্নয়নের দিকে তাকিয়ে পিএম জনমন এক রূপান্তরমূলক নীতিগত উদ্যোগ। এর মুখ্য উদ্দেশ্য হল নিরাপদ আবাসন, বিশুদ্ধ পাণীয় জল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পুষ্টিকর খাদ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ এবং তিন বছরের মধ্যে সুস্থায়ী জীবিকা অর্জনের সুযোগ গড়ে তোলাল প্রভৃতি। আদিবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভারতে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সিকেল সেল অ্যানিমিয়ার মতো জটিল স্বাস্থ্য রোগ দূর করতে কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এ বিশেষ উদ্যোগ নেওয়া হয় বলে তিনি জানান। এক্ষেত্রে ২০৪৭-এর মধ্যে এই রোগ নির্মূল করার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।