ওয়েব ডেস্ক; ২৯ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকে অন্ধ্রপ্রদেশে ৪ লেনের বাদভেল-নেলোর সড়ক করিডর নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। ১০৮.১৩৪ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে ৩৬৫৩.১০ কোটি টাকা। ৬৭ নম্বর জাতীয় মহাসড়ক এলাকায় এই প্রকল্প রূপায়িত হবে পরিকল্পনা-নির্মাণ-অর্থায়ন-পরিচালন-হস্তান্তর প্রণালীতে।

এই করিডর বিশাখাপত্তনম-চেন্নাই শিল্প করিডর, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু শিল্প করিডর, এবং চেন্নাই-বেঙ্গুলুরু শিল্প করিডরকে সংযুক্ত করবে। দেশের পরিকাঠামো ও লজিস্টিক্স পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প।

প্রকল্পটি রূপায়িত হলে বাদভেল এবং নেলোরের দূরত্ব ৩৩.৯ কিলোমিটার কমে যাবে। প্রত্যক্ষভাবে ২০ লক্ষ এবং পরোক্ষভাবে ২৩ লক্ষ কর্ম দিবস তৈরি হবে।