ওয়েব ডেস্ক; ১৭ জুন : আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-কে সামনে রেখে ১৭ জুন কলকাতার যোগ স্বাস্থ্য মন্দিরে একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি) ও প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতা, স্বনামধন্য যোগ সংস্থা যোগ স্বাস্থ্য মন্দিরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ।।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিআইবি ও সিবিসি-র অতিরিক্ত মহাপরিচালক জেন নামচু, সিবিসি কোলকাতার সহকারী পরিচালক শ্রী মৃণালকান্তি হাইত সহ অন্যান্য আধিকারিকরা। যোগ অনুষ্ঠান পরিচালনা করেন যোগ প্রশিক্ষক ডঃ তুষার শীল। তিনি অংশগ্রহণকারীদের সাধারণ যোগ নির্দেশিকা অনুযায়ী পরিচালিত করেন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারি বিভিন্ন আসন দেখান।
অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ডঃ শীল বলেন, “ভারতের প্রাচীন ঐতিহ্য যোগ আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটি এখন বিশ্বব্যাপী এক স্বাস্থ্য আন্দোলনে পরিণত হয়েছে। যোগ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারি, বিশেষ করে তাঁদের জন্য যাদের কাজের চাপ বেশি।”
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জেন নামচু যোগের উদ্দীপক শক্তির কথা বলেন এবং সরকারি কর্মচারীদের প্রতিদিন নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে আরও সুস্থ জীবনযাপন করতে বিশেষভাবে উৎসাহ দেন।
এই কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাধীন দুই দপ্তরের আধিকারিকরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যোগ কেন্দ্রের সদস্যরাও। এটি যোগকে জীবনের অংশ করে সামগ্রিক স্বাস্থ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সম্মিলিত প্রচেষ্টা, এবং এই উদ্যোগ আন্তর্জাতিক যোগ দিবস (২১ জুন ২০২৫)-এর এক গুরুত্বপূর্ণ পূর্বসূচনা।
