ওয়েব ডেস্ক; ২০ জুন : কর্মীবর্গ, গণঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং সংশ্লিষ্ট মন্ত্রকের গত ১১ বছরের রূপান্তরমূলক যাত্রাপথের কথা তুলে ধরে ১৮ জুন, ২০২৫ পারিবারিক পেনশনভোগী এবং অতিবয়স্ক পেনশনভোগীদের অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ অভিযান ২.০-এর নির্দেশিকা প্রকাশ করেছেন। ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী বিভাগের নেওয়া এই উদ্যোগের প্রশংসা করেন এবং অভিযোগের সময়োপযোগী ও গুণগত নিষ্পত্তির গুরুত্বের ওপর জোর দেন।

পেনশন ও পেনশনভোগী কল্যাণ (ডিওপিপিডাব্লু) বিভাগ আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত একমাস ব্যাপী বিশেষ অভিযান ২.০ চালাবে। কেন্দ্রীয় সরকারের পারিবারিক পেনশনভোগী ও অতিবয়স্ক পেনশনভোগীদের অভিযোগের সময়োপযোগী এবং গুণগত নিষ্পত্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিওপিপিডাব্লু এই অভিযান বাস্তবায়নে সমন্বয়সাধন করবে। এই অভিযানের আওতায় মোট ৫১ মন্ত্রক/বিভাগ/সংস্থার ২,২১০টি পেনশন সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তার নিষ্পত্তি করা হবে। সেই সংক্রান্ত সাফল্যের বিষয়গুলি পিআইবি বিবৃতি এবং ট্যুইটের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন পেনশন সচিবের পৌরোহিত্যে নোডাল অফিসারদের নিয়ে পেনশনভোগীদের অভিযোগ কীভাবে নিষ্পত্তি করা যায় তার জন্য একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। ডিওপিপিডাব্লু প্রতিদিন অভিযোগের বিষয়টি পর্যবেক্ষণ করে চলেছে।