ওয়েব ডেস্ক; ২১ জুন : সমগ্র দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে।তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন(CBC)এবং প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)-র যৌথ উদ্যোগে কলকাতার ন্যাশানাল ইনস্টিটিউট ফর লোকমোটর ডিস্যাবিলিটিস(NILD)-এ যোগ দিবস উদযাপন করা হয়।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ৫০০ জন যোগপ্রেমী, যাদের মধ্যে ছিলেন সিবিসি, পিআইবি, ডিপিডি ও এনআইএলডি -র কর্মকর্তা,শিক্ষার্থী ও যুবক যুবতীরা।যোগগুরুদের নেতৃত্বে তাঁরা সকলেই আজ বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম আয়ত্ত করেন।সিবিসি এবং পিআইবি -র পরিচালক(পূর্বাঞ্চলীয়) শ্রী টি.ভি.কে. রেড্ডী এবং অতিরিক্ত মহাপরিচালক(পূর্বাঞ্চলীয়) শ্রীমতি জেন নামচু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেড্ডী এই অনুষ্ঠানে এনআইএলডি(NILD)-কে ধন্যবাদ জ্ঞাপন করে যোগাসনের উপকারিতা কে সর্বসমক্ষে তুলে ধরেন, যা মানুষের স্বাস্থ্য ও সুস্থতাকে বজায় রাখতে সাহায্য করে। তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বজুড়ে যোগাভ্যাসের গুরুত্ব প্রচার করার জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য, সিবিসি কলকাতার উদ্যোগে তিনিদিন ব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এনআইএলডি তে,যেখানে বিভিন্ন যোগাসন ও তাদের উপকারিতা সম্পর্কে জনসাধারণকে জানানো হয়।সাধারণ মানুষের মধ্যে যোগের গুরুত্ব প্রচারের জন্য আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা(বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য) এবং কুইজ প্রতিযোগিতা।

২০২৫ এর আন্তর্জাতিক যোগ দিবস একটি গুরুত্বপূর্ণ মাইলফলক কারণ এটি যোগকে একটি বিশ্বব্যাপী জাগরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে যা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণে ভূমিকা রাখে।দশ বছর পূর্তির পর আজ ১১তম যোগ দিবসের আয়োজনটি বিশ্বব্যাপী একটি অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান ছিল।সমগ্র দেশে ‘কমন যোগ প্রোটোকল’ অনুসরণ করে একযোগে আনন্দ ও অনুশীলনের মাধ্যমে রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।এখানে উল্লেখ্য যে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধান কেন্দ্রীয় আয়োজনটি অনুষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে।