ওয়েব ডেস্ক; ২৫ জুন : প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জোহানেসবার্গে যৌথ প্রতিরক্ষা কমিটি (জেডিসি)-এর নবম বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ২৩ ও ২৪ জুন জোহানেসবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব ডঃ থোবেকিলে গেমেড। বৈঠকের প্রথম দিন শুরু হয় দুই সহ-সভাপতির বক্তব্যের মাধ্যমে। উভয় পক্ষই তাঁদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

ভারতের প্রতিরক্ষা সচিব দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানিতে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার কথাও তুলে ধরেন তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতির কথা পুনরায় জানান প্রতিরক্ষা সচিব।

বৈঠকের দ্বিতীয় দিনে উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। ডুবোজাহাজ সহযোগিতা ক্ষেত্রে দুটি নতুন স্বাক্ষরিত চুক্তি বিনিময় হয় দুই দেশের মধ্যে। ভারতের এই প্রতিনিধি দলে ছিলেন প্রতিরক্ষা বিভাগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিভাগ, ভারতীয় হাই কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা ।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্কের এক অভিন্ন ইতিহাস রয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ১৯৯৬ সালে প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে শুরু হয় । পরবর্তীতে ২০০০ সালে আরো একটি সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে এই সম্পর্ক আরও মজবুত করা হয়।