ওয়েব ডেস্ক; ২৮ জুন : দেশে দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকদের সহায়তা বৃদ্ধির জন্য ভারত সরকারের একটি অন্যতম প্রধান উদ্যোগ হল সুগম্য ভারত অ্যাপ (এসিবিএ)। সম্প্রতি এই অ্যাপটিকে আরও সহজে ব্যবহারযোগ্য এবং কার্যকরী করে তোলার জন্য পুনর্গঠিত করা হয়েছে।

এই অ্যাপটিতে বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই অ্যাপ ব্যবহারকারীদের সঠিক সময়ে সহায়তার জন্য এআই-চালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সরকারি প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অ্যাপটিকে আরও সহজে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।

চলতি বছরের ২৫ জুন পর্যন্ত, এই অ্যাপটির মোট নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৪ হাজার ৩৫৮ জন এবং অ্যান্ড্রয়েড ও iOS – উভয় প্ল্যাটফর্মেই ৮৩ হাজার ৭৯১ জন অ্যাপ ডাউনলোড করেছেন। সুগম্য ভারত অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোরে এবং iOS প্ল্যাটফর্মের জন্য অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায়।

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতাধীন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ (জিইপিডাবলুডি)-এর ২০২১ সালে চালু করা এই অ্যাপটি নাগরিকদের জন্য জনসাধারণের পরিকাঠামো, পরিবহন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থাপনায় সুযোগ সুবিধার সমস্যা জানানোর জন্য একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে।

এই অ্যাপ ব্যবহারকারীরা কোথাও বাধা পেলে তা খুব সহজেই জিও-ট্যাগযুক্ত ছবি আপলোড করতে পারবেন। এর ফলে, কর্তৃপক্ষ দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এই অ্যাপ চালু হওয়ার পর থেকে মোট ২ হাজার ৭০৫টি অভিযোগ পাওয়া গেছে, এর মধ্যে ১ হাজার ৮৯৭টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এর থেকেই প্রমাণ হয় সরকার সকলের জন্যই একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।