ওয়েব ডেস্ক; কলকাতা, 18 জুলাই: বন্ধন ব্যাঙ্ক 2025-26 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই সময়ে ব্যাঙ্কের মোট ব্যবসা 11% বৃদ্ধি পেয়ে 2.88 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাঙ্কের খুচরো আমানতের পরিমাণ এখন মোট আমানতের প্রায় 68%। প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পিছনে রয়েছে ব্যাঙ্কের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ। এই সময়ে ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে 372 কোটি টাকা ।

বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 35টিতে 6,350-রও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে 3.14 কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে। ব্যাঙ্কে কর্মরত কর্মচারীর সংখ্যা বর্তমানে প্রায় 72,000।

2025-26 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানতের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় 16% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ₹1.55 লক্ষ কোটি। এই সময়ে মোট ঋণ পৌঁছেছে ₹1.34 লক্ষ কোটি টাকায়। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA)-এর অনুপাত এখন মোট আমানতের 27.1%। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR)—যা আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক—বর্তমানে 19.4%, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মাত্রার থেকে উপরে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল সম্পর্কে বলতে গিয়ে ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন,”চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বন্ধন ব্যাঙ্ক বিগত ত্রৈমাসিকের তুলনায় ক্রমান্বয়ে উন্নত কর্মদক্ষতা প্রদর্শন করেছে। আমানতের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে এবং রিটেল ও হোলসেল ব্যাঙ্কিং-এ আমরা ধারাবাহিক গতি লক্ষ্য করেছি। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবুও আমাদের কর্মদক্ষতাই আমাদের ব্যবসার স্থিতিশীলতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমান দিয়েছে। আমরা এখন বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা বৃদ্ধির উপর প্রাধান্য দিচ্ছি এবং আমাদের গ্রাহক ও স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা সৃষ্টির উপর বিশেষভাবে মনোনিবেশ করছি।”