ওয়েব ডেস্ক; ২৪ আগস্ট: দূরসঞ্চার বিভাগ (DoT), যোগাযোগ মন্ত্রক, সঞ্চার সাথী পোর্টাল-এর আওতায় একাধিক নাগরিকমুখী সুবিধা চালু করেছে, যার উদ্দেশ্য টেলিকম ব্যবহারকারীদের প্রতারণা, সাইবার অপরাধ ও মোবাইল সংযোগের অপব্যবহার থেকে সুরক্ষা প্রদান করা। এই উদ্যোগগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে, কলকাতায় পশ্চিমবঙ্গ এলএসএ-র বিশেষ মহানির্দেশক (দূরসঞ্চার) দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ এলএসএ-র বিশেষ নির্দেশক (দূরসঞ্চার), প্রদীপ গুপ্ত বলেন “মোবাইল নেটওয়ার্কের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের প্রতারণা ও অপব্যবহার থেকে রক্ষা করা আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, নতুন সুবিধাগুলি নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে ও টেলিকম সম্পদের কার্যকর ব্যবহারে সক্রিয় ভূমিকা গ্রহণে সক্ষম করবে।

অন্যান্য বক্তারা জানান, দূরসঞ্চার বিভাগ ইতিমধ্যেই ৪.৫ লক্ষ মোবাইল হ্যান্ডসেট ব্লক করেছে, ৪.২ কোটি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং ১৯ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে। এছাড়া, ৭৪,০০০ সিম বিক্রেতাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং ২০ লক্ষের বেশি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল হ্যান্ডসেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও কলকাতা এলএসএ-তেই ১,৬২,৭৪১টি হ্যান্ডসেট ব্লক, ৮৬,৩৯৭টি হ্যান্ডসেট সনাক্ত এবং ১৭,২৭৪টি ডিভাইস উদ্ধার করে প্রকৃত ব্যবহারকারীর হাতে তুলে দেওয়া হয়েছে।

সঞ্চার সাথীর মূল সুবিধাসমূহ

চক্ষু (Chakshu): সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ বার্তা, যেমন প্রতারণামূলক গ্রাহক সেবা, ভুয়ো চাকরি/লটারির অফার, কে ওয়াই সি/ঋণ প্রতারণা বা পরিষেবা বিচ্ছিন্ন করার হুমকি, নাগরিকরা সরাসরি রিপোর্ট করতে পারবেন।

হারানো/চুরি হওয়া মোবাইল ব্লক করুন: নাগরিকরা তাদের হারানো বা চুরি হওয়া মোবাইল ডিভাইস সব টেলিকম নেটওয়ার্ক থেকে ব্লক করতে পারবেন। ব্লক করা ফোন ব্যবহৃত হলে সেটি খুঁজে বের করা যাবে, ফলে অপব্যবহার রোধ হবে।

আপনার নামে কতগুলি সংযোগ আছে জানুন: গ্রাহকরা তাদের নামে জারি হওয়া সমস্ত মোবাইল সংযোগ দেখতে এবং অনুমোদনহীন বা অপ্রয়োজনীয় সংযোগ রিপোর্ট করতে পারবেন।

হ্যান্ডসেটের যথার্ততা যাচাই (KYM): মোবাইলের IMEI নম্বর ব্যবহার করে (পোর্টাল, অ্যাপ অথবা SMS—KYM <15-digit IMEI> to 14422) মোবাইলের যথার্ততা যাচাই করা যাবে।

RICWIN: ভারতীয় নম্বর (+91) ব্যবহার করে আসা আন্তর্জাতিক কল রিপোর্ট করার সুবিধা, যা বেআইনি টেলিকম গেটওয়ে সনাক্ত ও নির্মূল করতে সাহায্য করবে।

সাইবার অপরাধ সচেতনতা: সাইবার অপরাধ বলতে ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত বেআইনি কার্যকলাপকে বোঝায়। এর মধ্যে ফিশিং, পরিচয় চুরি, ইউপিআই জালিয়াতি, অনলাইন হয়রানি ও ডেটা চুরি অন্তর্ভুক্ত, যা শুধু আর্থিক ক্ষতিই নয়, মানসিক চাপ, সুনামহানি ও জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।

দূরসঞ্চার বিভাগ সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতার প্রসার ও রিপোর্টিং ব্যবস্থার সুযোগ দিয়ে নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি দেশব্যাপী একটি নিরাপদ ও সুস্থায়ী ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।