ওয়েব ডেস্ক; ৪ সেপ্টেম্বর : ভোডাফোন আইডিয়া (ভী) আগামীকাল থেকে কলকাতায় ৫জি পরিষেবা চালু করছে। কয়েকদিন আগে শিলিগুড়িতে ভী ৫জি পরিষেবা চালুর পর, এবার কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর হিসেবে ভী-এর এই অত্যাধুনিক কানেক্টিভিটি উপভোগ করতে চলেছে। দেশব্যাপী একাধিক শহরে ৫জি সম্প্রসারণের অংশ হিসেবে, ভী যে ১৭টি প্রধান সার্কেলে ৫জি স্পেকট্রাম অর্জন করেছে, সেখানে পরিষেবা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে।
৫জি সম্প্রসারণের অংশ হিসেবে ভী ইতিমধ্যে মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মাইসুরু, নাগপুর, নাসিক, পুনে, চণ্ডীগড়, পাটনা, জয়পুর, সোনিপত, আহমেদাবাদ, রাজকোট, সুরাত, ভাদোদরা, ছত্রপতি শম্ভাজীনগর, মীরাট, মালাপ্পুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, তিরুমালা, মাদুরাই, আগ্রা, কোচি, তিরুবনন্তপুরম, ইন্দোর এবং শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালু করেছে।
কলকাতার ভী গ্রাহকেরা, যাদের ৫জি-সক্ষম ডিভাইস রয়েছে, তারা আগামীকাল থেকে ভী ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক অফার হিসেবে ভী গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে। এর ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই-ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্সিং, দ্রুত ডাউনলোড এবং রিয়েল-টাইম ক্লাউড অ্যাক্সেস।
