ওয়েব ডেস্ক; ১৭ আগস্ট : প্রতিরক্ষা মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টসের উদ্যোগে প্রতিরক্ষা মন্ত্রকের পেনশনভোগীদের জন্য একটি বিশেষ আউটরিচ ও অভিযোগ নিষ্পত্তি কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ১৮ ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বেঙ্গডুবি মিলিটারি স্টেশনে।

এই কর্মসূচি আয়োজিত হচ্ছে SPARSH (System for Pension Administration Defence) প্রকল্পের আওতায়, যা প্রাক্তন সেনা সদস্য, প্রতিরক্ষা অসামরিক পেনশনভোগী এবং তাঁদের ওপর নির্ভরশীল মানুষদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল পেনশন মঞ্জুরি ও বিতরণ ব্যবস্থা।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রাক্তন সেনা ও প্রতিরক্ষা বিভাগের অসামরিক পেনশনভোগীদের মধ্যে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পেনশন প্রদান, প্রয়োজনীয় নথিপত্র ও সার্ভিস রেকর্ড-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা এবং যাঁদের পেনশন-সংক্রান্ত সমস্যা এখনও নিষ্পত্তি হয়নি তাঁদের সরাসরি সহায়তা প্রদান করা।অংশগ্রহণকারীদের সঙ্গে যাচাই প্রক্রিয়ার জন্য আনতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাস বই, ডিসচার্জ বুক, পিপিও (Pension Payment Order), SPARSH ও আধার সংযুক্ত মোবাইল নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র। প্রাক্তন সেনা সদস্য, বীর নারীরা ও তাঁদের ওপর নির্ভরশীল মানুষদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।