ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল, অশোক কুমার, কলকাতা জিপিও-তে SHAKTIPEX-2025 (Echoes through Stamps) – বিষয়ক একটি দু’দিনব্যাপী জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধন করলেন। মধ্য কলকাতা বিভাগ আয়োজিত এই প্রদর্শনীর মূল ভাবনা “Fragrance of Bengal through Stamps”, যেখানে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের পাশাপাশি, দুর্গাপুজোর আগে নারী শক্তির বার্তা তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শান্তা দত্ত (দে)। এদিন আরও উপস্থিত ছিলেন সুপ্রিয় ঘোষ, পোস্টমাস্টার জেনারেল (MM & BD), ড. হাম্মাদ জাফর, ডিরেক্টর অফ পোস্টাল সার্ভিসেস, সদর দপ্তর, পশ্চিমবঙ্গ সার্কেল-সহ ডাক বিভাগের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।

অশোক কুমার দুর্গাপুজো উপলক্ষে একটি বিশেষ কভার প্রকাশ করেন। তিনি বলেন, দুর্গাপুজো নারী শক্তির প্রতীক এবং এই ডাকটিকিট প্রদর্শনী সেই একই বার্তা বহন করছে। তিনি উল্লেখ করেন, ডাকটিকিট সংগ্রহ শুধু একটি শখ নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের একটি মাধ্যম।

এই প্রদর্শনীতে আমন্ত্রিত ও প্রতিযোগিতামূলক উভয় বিভাগে ৮০টিরও বেশি ফ্রেম প্রদর্শিত হয়েছে। পাশাপাশি, ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি, ফিলাটেলি কর্মশালা, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা। নির্বাচিত কিছু আঁকা ভবিষ্যতে ডাকটিকিট হিসেবে বিবেচিত হতে পারে। শ্রী কুমার জানান, ফিলাটেলি প্রদর্শনী আণয়োজনের উদ্দেশ্য হল, তরুণ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, গবেষণার মানসিকতা ও বিশ্লেষণী দক্ষতা গড়ে তোলে, যা শিক্ষাকে সমৃদ্ধ করে তোলে।

অধিকারিকরা জানান, SHAKTIPEX-2025 মূল ফিলাটেলি প্রদর্শনীর একটি ট্রেলার, যা এ বছর কলকাতায় আয়োজন করা হবে বড় আকারে। এর মাধ্যমে জনসাধারণকে দেখানো হচ্ছে কীভাবে ডাকটিকিট শিল্প ও উদ্ভাবনকে একত্রে তুলে ধরতে পারে।

এই অনুষ্ঠানে বিশিষ্ট ফিলাটেলি বিশেষজ্ঞরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এতে আবারও প্রতিফলিত হল ডাকটিকিট সংগ্রহকে সাংস্কৃতিক সাধনা ও শিক্ষার অংশ হিসেবে জনপ্রিয় করার প্রতি ভারত সরকারের অঙ্গীকার।