ওয়েব ডেস্ক; ২ জানুয়ারি : কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-এর তত্ত্বাবধানে দেশজ নকশায় নির্মিত বন্দে ভারত স্লিপার ট্রেনকে দ্রুতগতিতে চালানোর চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো ভারতীয় রেল। কোটা-নাগডা শাখায় পরীক্ষামূলকভাবে ট্রেনটি চালানো হয়। সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ১৮০ কিলোমিটার, যা উন্নত এবং স্বনির্ভর রেল প্রযুক্তির লক্ষ্যে ভারতের যাত্রা পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সময়ে প্রযুক্তির খুঁটিনাটি বিষয়গুলি সমীক্ষা করা হয়, যেমন রাইড স্টেবিলিটি, অসিলেশন, ভাইব্রেশন বিহেভিয়ার, ব্রেকিং পারফর্মেন্স, এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, সেফটি সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ড। সর্বোচ্চ গতিতে চলার সময়ে ট্রেনটির কার্যকারিতা সম্পূর্ণ সন্তোষজনক এবং সফল বলে জানিয়ে দেন সিআরএস।
রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক মাধ্যমে হাইস্পিড ট্রায়ালের ভিডিও ভাগ করে নেন। ভিডিওটিতে কোটা-নাগডা শাখায় ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে বন্দে ভারত স্লিপার ট্রেনের সফল পরীক্ষামূলকভাবে চালানোর ছবি দেখা গেছে। এছাড়াও দেখা গেছে, দুরন্ত গতিতে চলার সময়ে ট্রেনের ভিতরে থাকা গ্লাস ভর্তি জল চলকায়নি, যার থেকে বোঝা যায় উন্নত রাইড কোয়ালিটি, অতি উচ্চমানের সাসপেনশন এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী এই নবপ্রজন্মের ট্রেনটি।
পরীক্ষামূলকভাবে চালানোর জন্য ১৬ কামরার বন্দে ভারত স্লিপার ট্রেনকে ব্যবহার করা হয়, যা দুরপাল্লার যাত্রী ভ্রমণের জন্য নির্দিষ্ট। এতে আছে যাত্রীদের জন্য অত্যাধুনিক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা, যেমন স্বাচ্ছন্দ্যময় শোয়ার ব্যবস্থা, উন্নতমানের সাসপেনশন, স্বংয়ক্রিয় দরজা, আধুনিক শৌচাগার, আগুন এবং সুরক্ষার নজরদারির ব্যবস্থা, সিসিটিভি-র ব্যবস্থা, যাত্রীদের জন্য ঘোষণার ডিজিটাল ব্যবস্থা। এইসব বৈশিষ্ট্যগুলির লক্ষ্য যাত্রীদের সুরক্ষিত, আরামদায়ক এবং বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া।
