ওয়েব ডেস্ক; ১৩ জানুয়ারি : কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর হুগলি জেলার উত্তরপাড়া সফরের সময় প্রদত্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে, ১৩ জানুয়ারি কলকাতার অতিরিক্ত কেন্দ্রীয় ভবিষ্যনিধি কমিশনারের কার্য্যালয়ে পশ্চিমবঙ্গের পাটকল শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অডিটোরিয়ামে।
বৈঠকে উপস্থিত ছিলেন শিও প্রসাদ তিওয়ারি, সদস্য, সেন্ট্রাল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ, ইপিএফও; বি. লালজামাং, অতিরিক্ত কেন্দ্রীয় ভবিষ্যনিধি কমিশনার, কলকাতা; এবং ব্যারাকপুর, হাওড়া ও পার্ক স্ট্রিট আঞ্চলিক দফতরের আঞ্চলিক ভবিষ্যনিধি কমিশনারবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। মোট ২৫-টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি এই আলোচনায় অংশগ্রহণ করেন।
বৈঠকে শ্রমিক সংগঠনগুলি ভবিষ্যনিধি সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করে, যার মধ্যে ছিল ইপিএফ অবদান জমা না দেওয়া, সদস্যপদ এড়িয়ে যাওয়া, অনলাইন ক্লেম নিষ্পত্তিতে সমস্যাবলী এবং যৌথ ঘোষণাপত্র সংক্রান্ত জটিলতা। উপস্থিত আধিকারিকরা এই বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন, প্রক্রিয়াগত বিষয়গুলি ব্যাখ্যা করেন এবং নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী সমস্যাগুলি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন।
বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।
শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ইপিএফও ও পাটশিল্পের অংশীদারদের মধ্যে গঠনমূলক আলোচনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
