ওয়েব ডেস্ক; ১৩ জানুয়ারি : কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুব ভারত, পশ্চিমবঙ্গ এবং মেরা যুব ভারত, উত্তর কলকাতা–র উদ্যোগে ১৭-তম ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ কর্মসূচি আয়োজন করা হবে। এই কর্মসূচি ১৫ থেকে ২১ জানুয়ারি, পর্যন্ত কলকাতার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

‘মেরা যুব ভারত’–এর নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্পর্শকাতল অঞ্চল থেকে ২০০-জন আদিবাসী যুবক অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা আসবেন ছত্তীসগড়ের কাঁকের ও দন্তেওয়াড়া, মধ্যপ্রদেশের বালাঘাট, মহারাষ্ট্রের গড়চিরৌলি, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম এবং ওড়িশার কন্ধমাল ও মালকানগিরি জেলা থেকে।

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থানুকূল্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং অংশগ্রহণকারী যুবকদের সঙ্গে থাকবেন বিএসএফ, আইটিবিপি ও সিআরপিএফ–এর এসকর্ট অফিসাররা।

জেলা যুব আধিকারিক, মিস প্রিয়াঙ্কা ঘোষ এবং ইন্দ্রজিৎ কুমার, এপিএ, মেরা যুব ভারত উত্তর কলকাতা, জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হল, আদিবাসী যুবসমাজের ক্ষমতায়ন – তাঁদের অর্থবহ অভিজ্ঞতা প্রদান, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং দেশের সামাজিক ও গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে বৃহত্তর উপলব্ধি সৃষ্টি করা।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদ্বয়, আধ্যাগক সুভাষীশ বটব্যাল ও অধ্যাপক প্রদীপ পাল, পাশাপাশি, আধিকারিক ড. কে. সি. ধারা এবং ড. সুদীপ পাল বলেন, এই উদ্যোগের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়গুলিকে মূলধারায় যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ‘বিকশিত ভারত’ – এর অভিযাত্রায় সক্রিয় অংশীদার হয়ে উঠতে পারে।

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে জাতীয় সংহতি, দেশপ্রেম, দেশগঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক অধিকার ও নারী ক্ষমতায়ন–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোগ, কর্মসংস্থান ও জীবিকা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে অবহিত করা হবে। কর্মসূচির অংশ হিসেবে থাকবে সাংস্কৃতিক বিনিময়, ফিল্ড ভিজিট এবং পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচয়ের সুযোগ। এর মধ্যে রাজভবন পরিদর্শন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল মাননীয় ড. সি. ভি. আনন্দ বোস–এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়–ও অন্তর্ভুক্ত রয়েছে।