ওয়েব ডেস্ক; ২ ফেব্রুয়ারি : করদাতাদের আরও সুবিধা করে দিতে (ইজ অফ লিভিং) ২০২৬-২৭ বাজেট ভাষণে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী প্রদত্ত সুবিধায় আয়কর কার্যকর হবে না। এক্ষেত্রে টিডিএস-ও লাগবে না। বিদেশে পর্যটনের প্যাকেজের ক্ষেত্রে টিসিএস-এর হার বর্তমানের ৫ ও ২০ শতাংশের বদলে হবে ২ শতাংশ।

শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে লিবারালাইজড রেমিট্যান্স স্কিম-এর আওতায় টিসিএস-এর হার ৫ থেকে কমে হবে ২ শতাংশ।

ছোট করদাতাদের সুবিধা দিতে বিভিন্ন সংস্থায় থাকা সিকিউরিটির ক্ষেত্রে কর ছাড়ের প্রণালীতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালু করা হবে।

ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা অনেক নমনীয় করা হয়েছে। আইটিআর-১ এবং আইটিআর-২ রিটার্ন ৩১ জুলাই পর্যন্তই জমা দেওয়া যাবে। অডিটের আওতায় যেসব সংস্থা বা ট্রাস্ট নেই, তাদের ক্ষেত্রে এই সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত করার প্রস্তাব রয়েছে বাজেটে। অনাবাসী ভারতীয়রা স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে আর্থিক লেনদেনে ট্যান (TAN)-এর বদলে প্যানের মাধ্যমেই কাজ চলবে।

শিক্ষার্থী, তরুণ পেশাদার সহ নানান পেশা ও কর্মে নিযুক্তদের ক্ষেত্রে একবারের ছ’মাস-ভিত্তিক বিদেশি সম্পদ সংক্রান্ত প্রতিবেদন পেশ করার সুযোগ দেওয়া হবে।