ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি: নতুন দিল্লির বাণিজ্য ভবনে শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এবং শিল্প-বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত ব্রিকস সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কম্পিটেন্সিজ-এ যোগ দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘ শিল্পোন্নয়ন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত এই কেন্দ্র ব্রিকস দেশগুলির ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এমএসএমই সংস্থাগুলিকে সবরকম সহায়তা করে।

অনুষ্ঠানে শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এবং রাষ্ট্রসঙ্ঘ শিল্পোন্নয়ন সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের পক্ষে অর্থনৈতিক উপদেষ্টা অগ্রিম কৌশল এবং রাষ্ট্রসঙ্ঘ শিল্পোন্নয়ন সংস্থার পক্ষে অধিকর্তা ডঃ ক্রিস্টিয়ানো পাসিনি স্বাক্ষর করেন।

এই কাজের জন্য জাতীয় উৎপাদনশীলতা পরিষদকে ভারতের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের নীতি-নির্দেশনা এবং রাষ্ট্রসঙ্ঘের শিল্পোন্নয়ন সংস্থার প্রযুক্তিগত সহায়তায় জাতীয় উৎপাদনশীলতা পরিষদ ভারতে উৎপাদন সংস্থা ও এমএসএমই-গুলির সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণে সহায়তা করবে।

অনুষ্ঠানে শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের সচিব অমরদীপ সিং ভাটিয়া সভাপতিত্ব করেন।