ওয়েব ডেস্ক; ২৫ মার্চ : ২০২৭-এ জনগণনা ডিজিটাল পদ্ধতিতে করা হবে। গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে গণনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। এই প্রথম একটি ওয়েব পোর্টালের মাধ্যমে নাগরিকরা তাদের প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। এক্ষেত্রে একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জনগণনার প্রথম পর্বের প্রশ্নগুলির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় পর্ব শুরুর আগে এসংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রেও বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রথম পর্বে আবাসন, বাড়ির মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা এবং সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্বে, জনবিন্যাস, আর্থ-সামাজিক পরিস্থিতি, শিক্ষা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
১৯৪৮ সালের জনগণনা সংক্রান্ত আইন এবং ১৯৯০ সালে জনগণনা সংক্রান্ত নিয়মাবলী এবং এসংক্রান্ত বিভিন্ন সংশোধন অনুসারে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। জনগণনার ক্ষেত্রে ব্যক্তি বিশেষের তথ্য সুরক্ষিত থাকবে। শুধুমাত্র সার্বিক তথ্যই প্রশাসনিক স্তরে প্রকাশিত হবে।
জনগণনার কাজ যাতে নির্বিঘ্নে করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
