ওয়েব ডেস্ক; ১ এপ্রিল : গার্ডেনরিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি স্টেল্থ্ ফ্রিগেট ‘দুনাগিরি’-কে ৩০ মার্চ, ২০২৬ তারিখে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল। দুনাগিরি (ইয়ার্ড ৩০২৩) হল নীলগিরি শ্রেণীর (প্রকল্প ১৭ এ) পঞ্চম জাহাজ।

দুনাগিরি আগেকার আইএনএস দুনাগিরি-র নবরূপ বলা যেতে পারে। ১৯৭৭-এর ৫ মে থেকে ২০১০ অক্টোবর পর্যন্ত দেশের সেবায় নিয়োজিত ছিল আইএনএস দুনাগিরি। তার নবতম এই সংস্করণটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং রণতরী নির্মাণে আত্মনির্ভর হয়ে ওঠায় ভারতের উদ্যোগে বড় এক সাফল্য।

জাহাজটির নকশা তৈরি করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন কলকাতার যুদ্ধ জাহাজ সংক্রান্ত পর্যবেক্ষক দলের সদস্যরা।

পি১৭এ প্রকল্পের মাধ্যমে নির্মিত জাহাজগুলি পি১৭ প্রকল্পের আওতায় নির্মিত জাহাজের তুলনায় (শিবালিক বর্গ)আরও অনেক বেশি আধুনিক অস্ত্র ও সেন্সারে সমৃদ্ধ। ডিজেল কিংবা গ্যাস- দু ধরনের জ্বালানি ব্যবহার করেই এই জাহাজ চালানো যায়। এছাড়াও এই জাহাজগুলিতে রয়েছে অত্যাধুনিক সমন্বয় ব্যবস্থাপনা। নতুন এই জাহাজগুলির যন্ত্রাংশের ৭৫ শতাংশই দেশজ। সংশ্লিষ্ট প্রকল্পটিতে যুক্ত রয়েছে ২০০রও বেশি ক্ষুদ্র ও মাঝারি সংস্থা। প্রত্যক্ষভাবে ৪০০০ এবং পরোক্ষভাবে ১০,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে এই প্রকল্পটির সুবাদে।