ওয়েব ডেস্ক; ৫ এপ্রিল : ভারতের নির্বাচন কমিশন ১৫ মার্চ, আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন এবং গোয়া, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার ৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।
আসাম ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ৪টি রাজ্যের উপ-নির্বাচনে মোট ১,৯৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল, ২০২৬ তারিখে।
পশ্চিমবঙ্গ (প্রথম ও দ্বিতীয় পর্যায়) এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে; প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ হল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের (প্রথম পর্যায়) ক্ষেত্রে ৯ এপ্রিল এবং পশ্চিমবঙ্গের (দ্বিতীয় পর্যায়) ক্ষেত্রে ১৩ এপ্রিল।
নাগরিকরা ইসিআইনেট-এর “Know Your Candidates (KYC)” মডিউলটি ব্যবহার করে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, সম্পদ ও দায়বদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা এবং তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
ব্যবহারকারীরা ECINet-এর “Conduct of Elections” ট্যাবের অধীনে কেওয়াইসি মডিউলটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, ইসিআইনেট ব্যবহার করে প্রার্থীরা সম্পূর্ণ যে হলফনামাটি (ফর্ম ২৬) জমা দিয়েছেন, সেটিও তাঁরা ডাউনলোড করতে পারবেন।
ইসিআই নেট হল, বিশ্বের বৃহত্তম নির্বাচনী পরিষেবা প্ল্যাটফর্ম; এটি ভারতের নির্বাচন কমিশনের ৪০টিরও বেশি অ্যাপ ও পোর্টালকে একত্রিত করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সমস্ত নির্বাচনী পরিষেবাগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসেছে।
ইসিআইনেট একটি নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটারদের বিভিন্ন পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে ভোটার নিবন্ধন, ভোটার তালিকায় নাম অনুসন্ধান, আবেদনের অবস্থা যাচাই, নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন, বিএলও-এর সঙ্গে কথা বলার জন্য সময় নির্ধারণ (Book-a-call), e-EPIC ডাউনলোড, ভোটের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ এবং অভিযোগের নিষ্পত্তি।
নির্বাচনী বিধি লঙ্ঘনে ‘cVIGIL’ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন নির্বাচনী পরিষেবা সহজলভ্য করে তোলার লক্ষ্যে ‘সক্ষম’-এর মতো ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম তথ্য প্রদান এবং অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে এটি ‘একক-জানালা’ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।
