ওয়েব ডেস্ক; ১৩ এপ্রিল : সাইবার সচেতনতা, ডিজিটাল সুরক্ষা বিধি এবং বাস্তব জগতে সাইবার হামলার মোকাবিলায় ক্যাডেটদের সড়গড় করে তুলতে ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-র সঙ্গে যৌথভাবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা কর্মসূচি চালু করছে। এ বিষয়ে এনসিসি এবং এনআইইএলআইটি-র মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এনসিসি-র মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস এবং এনআইইএলআইটি-র মহানির্দেশক ডঃ মদনমোহন ত্রিপাঠি।

এই কর্মসূচি রূপায়িত হবে দুটি পর্যায়ে। প্রথম পর্বে ১৫ ঘন্টার অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতন করে তোলা হবে ক্যাডেটদের। জোর দেওয়া হবে বুনিয়াদি নানা বিষয়, ডিজিটাল সাক্ষরতা, নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার পন্থাপদ্ধতি, সাইবার সুরক্ষা বিধি এবং সাইবার হামলার নানা ধরন-ধারণ জানানোর ক্ষেত্রে। এই পর্বে যোগ দিতে পারবেন দেশে তালিকাভুক্ত সব এনসিসি ক্যাডেটরা। বিষয়টি পরিচালিত হবে এনআইইএলআইটি-র ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম মারফৎ।

দ্বিতীয় পর্বে ৬০ ঘন্টার সাইবার হামলা প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতায়ন, বাস্তব সমস্যার সমাধান, সাইবার নিরাপত্তা প্রকৌশল এবং সাইবার হামলার বিপদ চিহ্নিত করার বিষয়গুলি প্রাধান্য পাবে। তবে এই পর্বে যোগ দিতে পারবেন নির্বাচিত ক্যাডেটরা – যাঁদের মেধার ভিত্তিতে বেছে নেওয়া হবে।

সামগ্রিকভাবে সাইবার সচেতনতা এবং সাইবার হামলার মোকাবিলার বিষয়টি জোরদার করার জন্যই এই উদ্যোগ। এর মাধ্যমে তৈরি হয়ে উঠবে এনসিসি সাইবার ক্যাডেটদের একটি দল। এই বিষয়টি ডিজিটাল ইন্ডিয়া এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনএসইউএফএ)-এর মতো উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *