ওয়েব ডেস্ক; ১৭ এপ্রিল : নির্বাচন কমিশন অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং উপ নির্বাচনের ঘোষণা করে ১৫ মার্চ। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়।

ইতিমধ্যে রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, সিইও, পুলিশের মহানির্দেশক এবং পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে কমিশনের কয়েক দফা পর্যালোচনা বৈঠক হয়েছে। আইন প্রণয়নকারী সংস্থাগুলির প্রধানদের হিংসা ও প্ররোচনা মুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে বলা হয়েছে।

পশ্চিমবাংলায় ২,৭২৮ এবং তামিলনাড়ুতে ২,২৬৩ ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। ১০০ মিনিটের মধ্যে যাতে অভিযোগের নিষ্পত্তি হয় সেই লক্ষ্যে এই ব্যবস্থা। এছাড়াও নজরদারী জোরদার করতে পশ্চিমবাংলায় ৩,১৪২ এবং তামিলনাড়ুতে ২,২২১ স্ট্যাটিক সার্ভিলেন্স টিম মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে নাকা চেকিং-এর লক্ষ্যেই এই ব্যবস্থা। নির্বাচন প্রক্রিয়াকালীন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত হিসেবে পশ্চিমবাংলায় নগদ বাজেয়াপ্ত ২১ কোটি টাকা। মদ আটক হয়েছে ৩১,৯৪,৬২১ লিটার। তামিলনাড়ুতে নগদ বাজেয়াপ্ত ৭৮ কোটি টাকা। মদ বাজেয়াপ্ত হয়েছে ৯৭,১০৭ লিটার।

কমিশনের তরফ থেকে চেকিং বা নজরদারির সময় সাধারণ নাগরিকদের যাতে কোনোরকম হয়রানি না করা হয় সেব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। যেকোনও অভিযোগ নিরসনে ডিস্ট্রিক্ট গ্রিভান্স কমিটি গঠন করা হয়েছে। নাগরিকরা এবং রাজনৈতিক দলগুলি নির্বাচন আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত তাদের অভিযোগ সি ভিজিল মডিউলের মাধ্যমে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *