ওয়েব ডেস্ক; ২৩ এপ্রিল : ভারতীয় নৌবাহিনীর ডুবো জাহাজ উদ্ধারের কাজে ব্যবহৃত রণতরী আইএনএস নিরীক্ষক ইন-এসএলএন ডাইভেক্স ২০২৬-এ যোগ দিতে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে। ২১-২৭ এপ্রিল এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। দু-দেশের নৌবাহিনীর গৃহীত বিভিন্ন কৌশল নিয়ে মত বিনিময়ের পাশাপাশি নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার অভিন্ন সামুদ্রিক স্বার্থকে বজায় রাখার জন্য এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইএনএস নিরীক্ষক কলম্বোয় পৌঁছনোর পর প্রথাগত ভাবে শ্রীলঙ্কার নৌবাহিনী তাকে স্বাগত জানায়। বিভিন্ন দেশে মানবিক সহায়তার অঙ্গ হিসেবে ‘ভারত হেলথ ইনিসিয়েটিভ ফর সহযোগ হিত অ্যান্ড মৈত্রী’ –র দুটি কিউব এই জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এই কিউবগুলি শ্রীলঙ্কা সরকারকে হস্তান্তর করা হবে। অত্যাধুনিক এই মেডিকেল কিউবের সাহায্যে ২০০ টি পর্যন্ত বিভিন্ন জরুরী চিকিৎসা করা যাবে। এছাড়াও ভারতীয় নৌবাহিনী ৫০ হাজারটি ৯এমএম সমরাস্ত্র শ্রীলঙ্কাকে হস্তান্তর করবে।
মিউচ্যুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিওনস বা মহাসাগর উদ্যোগের আওতায় ভারত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক উন্নয়ন, সহযোগিতা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারতের অঙ্গীকার এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
