ওয়েব ডেস্ক; ২৫ এপ্রিল : লোকায়ন ২৬-এর অধীনে আন্তঃমহাসাগরীয় মোতায়েনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী ২৩ এপ্রিল লাস পামাসে পৌঁছেছে। ক্যানারি দ্বীপপুঞ্জের এই বন্দরে ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজের এটিই প্রথম সফর। আটলান্টিক সাগর পাড়ি দেওয়ার আগে এই যাত্রাবিরতি একটি কৌশলগত বিরতি হিসেবে কাজ করবে।
এই সফরের সময়, আইএনএস সুদর্শিনীর কমান্ডিং অফিসারের স্পেনীয় নৌ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। নাগরিক সংযোগ জোরদার করার লক্ষ্যে, জাহাজটি স্থানীয় স্পেনীয় সম্প্রদায় এবং প্রবাসী ভারতীয়দের পরিদর্শনের জন্যও উন্মুক্ত থাকবে।
এই সফর ভারতীয় নৌবাহিনী এবং স্পেনীয় নৌবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সামুদ্রিক সহযোগিতা ও সংযোগের ওপর জোর দেয়।
২০২৬ সালের জানুয়ারিতে কোচি থেকে যাত্রা শুরু করে, আইএনএস সুদর্শিনী ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা ছড়িয়ে দিতে ওমান, মিশর, মাল্টা, ফ্রান্স এবং মরক্কোর বন্দরে নোঙর করেছে।
জাহাজটি আটলান্টিক সাগর পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সেদেশের বিভিন্ন বন্দরে ‘সেইল ২৫০’ স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
