ওয়েব ডেস্ক; ১ মে : যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের সম্পূর্ণ সরকারি সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্টের সূচনা করেছে। গ্রামাঞ্চলে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ। আইপিপিবি-র মুখ্য কার্য নির্বাহী আধিকারিক ও এমডি আর বিশ্বস্বরণ বলেন, গ্রাহকদের কাছে তাঁরা ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে চান। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সুস্থায়ী আর্থিক উন্নয়নে যুক্ত করাই নতুন এই অ্যাকাউন্টের উদ্দেশ্য।
স্বনির্ভর গোষ্ঠীগুলি গ্রামাঞ্চলে অর্থনীতির সংস্কারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামোন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের মতো প্রকল্পগুলির সঙ্গে এই গোষ্ঠীগুলি যুক্ত থাকে। সংশ্লিষ্ট গোষ্ঠীগুলি যাতে আরও ভালো আর্থিক পরিষেবা পায়, আইপিপিবি সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির এই সেভিংস অ্যাকাউন্ট হবে জিরো ব্যালেন্সের। ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন। দেশের ডাকঘরগুলির পাশাপাশি ডাক পিওন এবং গ্রামীণ ডাক সেবকরা এই ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেবেন।
এই অ্যাকাউন্ট খুলতে কোনও টাকা জমা রাখতে হবে না। এছাড়াও প্রতি মাসে গড় ব্যালেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও টাকা রাখার দরকার নেই। তবে অ্যাকাউন্টে সর্বোচ্চ ২ লক্ষ টাকা রাখা যাবে। প্রতি ত্রৈমাসিকে জমা রাখা অর্থের সুদ পাওয়া যাবে। টাকা জমা রাখা, টাকা তোলা এবং অ্যাকাউন্ট বন্ধ করতে হলে কোনও মাশুল দিতে হবে না।
