ওয়েব ডেস্ক; ১১ জুন : সরকার বস্ত্র শিল্পের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ২২টি নতুন আবেদনকারী সংস্থাকে অনুমোদন দিয়েছে। নতুন অনুমোদিত কোম্পানিগুলির মাধ্যমে মোট ২,৩৩৯.১৪ কোটি টাকা বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে; এর পাশাপাশি নির্দিষ্ট পণ্যগুলির ক্ষেত্রে ১৫,৫৬১.৩৪ কোটি টাকার সম্ভাব্য টার্নওভার এবং বস্ত্র শিল্পের সামগ্রিক মূল্য-শৃঙ্খল জুড়ে ৩৬,২১৭টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট ৯৬টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে, যাদের মোট প্রতিশ্রুত বিনিয়োগের পরিমাণ ১২,৮২২.৬৭ কোটি টাকা এবং সম্ভাব্য টার্নওভার ৫৮,২৯৪.১৮ কোটি টাকা।

অনুমোদিত আবেদনকারী কোম্পানিগুলি কৃত্রিম তন্তুর পোশাক এবং টেকনিক্যাল টেক্সটাইলের মতো উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের মূল অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলির অন্তর্ভুক্ত। এর ফলে মূল্য-সংযোজিত বস্ত্র উৎপাদনের বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের আওতায় এই কোম্পানিগুলোর অন্তর্ভুক্তি বস্ত্র ক্ষেত্রের সম্ভাবনাময় বা ‘সানরাইজ’ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ বাড়াতে সরকারের প্রচেষ্টার প্রতি শিল্পের ইতিবাচক সাড়ার প্রতিফলন। প্রস্তাবিত বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এক শক্তিশালী ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক বস্ত্র-বাণিজ্যিক পরিমণ্ডল গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।