ওয়েব ডেস্ক; ১২ জুন : আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপনের অংশ হিসেবে, ভারতের আয়ুষ মন্ত্রক আগামী ১৪ জুন, ২০২৬ তারিখে সকাল ৬:১৫ টা থেকে সকাল ৭:৩৫ টা পর্যন্ত একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) গড়ার প্রচেষ্টার আয়োজন করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল, আয়ুষ মন্ত্রকের অফিশিয়াল ইউটিউব (YouTube) প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত একটি অনলাইন যোগ অধিবেশনে একই সময়ে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণের রেকর্ড তৈরি করা।
এই উদ্যোগের মাধ্যমে যোগ অনুশীলনকারী, সরকারি আধিকারিক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশজুড়ে সাধারণ নাগরিকদের একত্রিত করার আশা করা হচ্ছে, যা যোগব্যায়ামের মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার প্রতি ভারতের অঙ্গীকারের এক সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটাবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রচেষ্টার জন্য সঠিক গণনা নিশ্চিত করতে, প্রতি অংশগ্রহণকারীকে নিজস্ব ডিভাইসের (মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার) মাধ্যমে ব্যক্তিগতভাবে এই অনলাইন যোগা অধিবেশনে যুক্ত হতে হবে। অধিবেশনের সঙ্গে সংযুক্ত প্রতিটি নিবন্ধিত ডিভাইসকে সরকারি রেকর্ড বা নথিতে অন্তর্ভুক্ত করা হবে।
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রস্তুতি হিসাবে, আয়ুষ মন্ত্রক গত ২৭ মে, ২০২৬ তারিখে ‘যোগ সঙ্গম পোর্টাল ২০২৬’ (Yoga Sangam Portal 2026) চালু করে।
আগামী ২১ জুন, ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর মূল আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে দেশজুড়ে যারা ‘যোগ সঙ্গম’ অনুষ্ঠানটি আয়োজন করার পরিকল্পনা করছেন—সেইসব সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, যোগ প্রতিষ্ঠান, সামাজিক গোষ্ঠী এবং অন্যান্য সংস্থাগুলির নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার জন্য এই পোর্টালটির নকশা করা হয়েছে।
সূত্র : পি আই বি
