আজ কলকাতা প্রেসক্লাবে ‘পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান
বলেন, গত সাত বছর ধরে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া একেবারেই হয়নি। এই বিষয় নিয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সাথে আলোচনায়ও বসেছেন, কিন্তু কোনো ফল আসেনি। গত ১৭ থেকে ২৩ জানুয়ারি রাজ্যের নিয়োগ সংক্রান্ত বিভাগগুলিতে তারা দরবার করেছেন। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। তাই তারা বিনীত আবেদন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। যাতে তাদের এই নিয়োগ প্রক্রিয়াটি তাড়াতাড়ি করা যায়।
তিনি বলেছেন, আমরা মাত্র দুটি দাবি মুখ্যমন্ত্রীর কাছে রাখছি যা সংবাদমাধ্যমের মাধ্যমে তার কাছে পৌঁছে যাবে। এক নম্বর দাবি হচ্ছে, অতি দ্রুত কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চিত না করে গেজেট বিধি মোতাবেক আগামী ২৮/ ২ /২০২০ এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। দুই, দীর্ঘ সাত বছরের ঘোষিত শূন্যপদ ১৪৩৬৯টি, মহামান্য হাইকোর্ট এর উল্লেখ করা ৫০০১টি পদ এবং বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত ৫১০৮ শূন্যপদে নিয়োগ চাইছি।
আজ তারা এই মুহূর্তে গান্ধী মূর্তির পাশে অবস্থান করছেন তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি আজকে আন্দোলন শেষ করার পর তারা সিদ্ধান্ত নেবেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক ওসমান গনি, উত্তর ২৪ পরগনার সভাপতি জয়শ্রী রায়, হাওড়া এবং অন্যান্য তিনটি জেলার দায়িত্বে থাকা তারিক আহমেদ প্রমূখ।
