ওয়েব ডেস্ক; ১৪ জুলাই : অবৈধ বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) দেশ জুড়ে অভিযান চালিয়ে ৪৪০টি বিপন্ন বন্যপ্রাণী এবং প্রায় ১৫ কেজি ওজনের হাতির দাঁত ও তা দিয়ে তৈরি সামগ্রী বাজেয়াপ্ত করেছে; পাশাপাশি এই পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। ১০ জুলাই ২০২৬ তারিখে, রাজস্থানের সুজানগড়ের কাছে হাতির দাঁতের অবৈধ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের ডিআরআই-এর কর্তারা আটক করেন। এই অভিযানে প্রায় ১১ কেজি হাতির দাঁত উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। চার ব্যক্তিকে আটক করা হয় এবং বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর আওতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাজেয়াপ্ত দাঁত সহ তাঁদের বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাতি বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর প্রথম তফসিলে তালিকাভুক্ত।
ভারতে হাতির দাঁতের বাণিজ্য পুরোপুরি নিষিদ্ধ এবং বৈদেশিক বাণিজ্য নীতির আওতায় হাতির দাঁত আমদানি ও রপ্তানি নিষিদ্ধ।

এর আগে হাওড়ায়, ডিআরআই আধিকারিকরা দু’জনকে আটক করেন এবং হাতির দাঁত দিয়ে তৈরি দুটি দেব-দেবীর মূর্তি বাজেয়াপ্ত করেন; অনুমান করা হচ্ছে যে, এগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল।

কর্ণাটকের মহীশূরে আরেকটি অভিযানে, ডিআরআই আধিকারিকরা ৪ কেজি হাতির দাঁত বাজেয়াপ্ত এবং তিনজনকে আটক করেন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁদের বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

৭ ও ৮ জুলাই, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক স্থানে বন্যপ্রাণী পাচারকারী একটি আন্তঃরাজ্য চক্রকে ধরা হয়। ডিআরআই (মুম্বই) এবং সিবিআইয়ের আর্থিক অপরাধ দমন শাখা (মুম্বই) যৌথভাবে এই বড় মাপের অভিযান চালায়।

অন্যান্য ঘটনায়, ব্যাঙ্কক, কুয়ালালামপুর ও কলম্বো থেকে আসা যাত্রীদের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে সংরক্ষিত বন্যপ্রাণী পাচারের একাধিক চেষ্টা ডিআরআই নস্যাৎ করেছে।

বেঙ্গালুরু, ওয়ারাঙ্গল, পুনে, সুরাট, চেন্নাই, কলকাতা, ত্রিচি, মাদুরাই, শ্রীকাকুলাম, হোজাই (আসাম), রাজস্থান, মহীশূর এবং হাওড়ায় ডিআরআই-এর অভিযানের ফলে বিভিন্ন বন্যপ্রাণী-জাত পণ্য এবং সংরক্ষিত প্রজাতির প্রাণী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যাঙ্গোলিনের আঁশ, চিতাবাঘের চামড়া, সামুদ্রিক ঘোড়া থেকে তৈরি সামগ্রী, রক্তচন্দন কাঠ এবং গিবন, গিরগিটি, কচ্ছপ, পাখি, কাঠবিড়ালি, সাপ ও রেড স্যান্ড বোয়া-র মতো সংরক্ষিত প্রজাতির প্রাণী।
(পি আই বি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *